ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আদর্শ কলোনিতে গড়ে উঠছে মির্জা রুহুল আমিন এন্ড ফাতেমা মেমোরিয়াল কমপ্লেক্স। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবারের দান করা ৭৫ শতক জমিতে এতিম শিশুদের অধিকার নিশ্চিত ও নারীদের দক্ষতা বৃদ্ধিতে এই কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে।
বাসমাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত এই কমপ্লেক্সটিতে খাদ্য, শিক্ষা ও চিকিৎসাসহ এতিম শিশুদের সব মৌলিক অধিকার বিনামূল্যে নিশ্চিত করা হবে। গত এক বছর আগে নির্মাণ কাজ শুরু হয়ে বর্তমানে প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে শতাধিক শিশুকে নিয়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রমও শুরু করেছে প্রতিষ্ঠানটি।প্রতিষ্ঠানটির এডুকেশন ইনচার্জ আহম্মেদ আমিন জানান, এখানে তিনটি প্রধান শাখা থাকবে বাসমাহ এতিম শিশুদের আবাসনের জন্য। শিশুদের শিক্ষা ও সংস্কৃতির প্রসারে। বাসমাহ ওমেন্স এন্ড স্কিল ডেভলপমেন্ট নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ কেন্দ্র।
বুধবার (২৪ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, কমপ্লেক্সে দ্রুতগতিতে নির্মাণ কাজ চলছে। এদিন মির্জা পরিবারের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম শিশুদের নিয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসমাহ ফাউন্ডেশনের কার্যক্রম দেখে উদ্বুদ্ধ হয়ে মির্জা ফখরুল ইসলামের পরিবার ঠাকুরগাঁওয়ে এতিমদের কল্যাণে এই বিশাল ভূসম্পত্তি দান করেন। বাসমাহ ফাউন্ডেশনের সিইও মীর সাখাওয়াত হোসাইন জানান, শুধু এই কমপ্লেক্সই নয়, বাসমাহর মাধ্যমে সারা দেশে ত্রাণ ও সমাজসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মতামত