সারাদেশ

পাঁচবিবিতে ৪৩ লাখ টাকার যৌন উত্তেজক সিরাপসহ আটক ১

প্রিন্ট
পাঁচবিবিতে ৪৩ লাখ টাকার যৌন উত্তেজক সিরাপসহ আটক ১

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:০০

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৩ লাখ ১ হাজার ৭০০ টাকা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে পৌরসভার ধানসিঁড়ি আবাসিক এলাকার একটি গোডাউনে এই অভিযান চালানো হয়। আটক মাহফুজার রহমান (২৬) উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাবু হোসেনের ছেলে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নির্দেশনায় ধানসিঁড়ি এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে ওই এলাকার একটি গোডাউনে তল্লাশি চালিয়ে অবৈধ একেএল-ওয়ান, জেনসি, লায়ন জুস, বাজী, এমএল আগুন ও কসমিকুসহ ১০টি বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ সিরাপ জব্দ করা হয়। জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর। সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।