ঢাকা রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক অজ্ঞাতপরিচয় যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটন এলাকার এসেম্বিলিস অফ গডস (এজি) চার্চ সংলগ্ন রাস্তায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে জনাকীর্ণ ওই রাস্তায় চলাচল স্বাভাবিক ছিল। হঠাৎ ওপরের ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে নিক্ষেপ করা হয়। ককটেলটি সরাসরি ওই যুবকের মাথায় পড়ে বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের স্বজনরা সেখানে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট পুরো এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ বা নেপথ্যে কারা রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
মতামত