সারাদেশ

ওসমান হাদি হত্যা: বিদেশি পিস্তল ও বিস্ফোরকসহ সহযোগী গ্রেপ্তার

প্রিন্ট
ওসমান হাদি হত্যা: বিদেশি পিস্তল ও বিস্ফোরকসহ সহযোগী গ্রেপ্তার

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৩২

ঢাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত অন্যতম অভিযুক্ত আলমগীরের সহযোগী হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদাবরের একটি আবাসিক হোটেল থেকে প্রথমে হিমনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ১৭/বি এলাকার একটি বাসা থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত হিমন আদাবর থানা যুবলীগের কর্মী এবং হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী। প্রায় দুই মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফেরেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।