সারাদেশ

নারায়ণগঞ্জের ৫ আসনে লড়ছেন ৪৪ প্রার্থী: ১২ ফেব্রুয়ারি ভোট

প্রিন্ট
নারায়ণগঞ্জের ৫ আসনে লড়ছেন ৪৪ প্রার্থী: ১২ ফেব্রুয়ারি ভোট

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৫, রাত ১১:০৮

 নারায়ণগঞ্জ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল পর্যন্ত বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত রূপগঞ্জ (নারায়ণগঞ্জ-১) আসনে ৩ জন, আড়াইহাজার (নারায়ণগঞ্জ-২) আসনে ৬ জন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ-৩) আসনে ৫ জন, ফতুল্লা (নারায়ণগঞ্জ-৪) আসনে ১৭ জন এবং সদর-বন্দর (নারায়ণগঞ্জ-৫) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীদের তালিকায় বিএনপির মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান এবং গিয়াসউদ্দিনের (স্বতন্ত্র) মতো হেভিওয়েট নেতারা রয়েছেন।

জেলায় মোট ৭৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আড়াইহাজারে সর্বোচ্চ ৪৪টি এবং বন্দরে সর্বনিম্ন ২১টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে সহায়তায় নিয়োগ দেওয়া হয়েছে ৮ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন একই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে গণভোটও অনুষ্ঠিত হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় নির্বাচনী কার্যক্রম তদারকি করছেন। প্রার্থীরা জেলা ও উপজেলা নির্বাচন অফিস থেকে সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারছেন।