সারাদেশ

তারেক রহমানকে স্বাগত জানাতে মামুন মাহমুদের নেতৃত্বে পূর্বাচলে নেতাকর্মীদের ঢল

প্রিন্ট
তারেক রহমানকে স্বাগত জানাতে মামুন মাহমুদের নেতৃত্বে পূর্বাচলে নেতাকর্মীদের ঢল

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৫, রাত ১১:১২

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে প্রায় ২০ হাজার নেতাকর্মীর এক বিশাল বহর পায়ে হেঁটে রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট এলাকায় অবস্থান নিয়েছে।

বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভা শেষে এই পদযাত্রা শুরু হয়। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতার দেশে ফেরার ক্ষণকে স্মরণীয় করে রাখতে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বহরে থাকা নেতাকর্মীদের গায়ে তারেক রহমানের ছবি সম্বলিত গেঞ্জি এবং হাতে ব্যানার-ফেস্টুন ও সাউন্ড সিস্টেমে দেশাত্মবোধক গান বাজাতে দেখা যায়।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ ১৭ বছর তিন মাস ২২ দিন নির্বাসিত থাকার পর প্রিয় নেতা তারেক রহমান আগামীকাল (২৫ ডিসেম্বর) দেশের মাটিতে পা রাখছেন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমরা হাজার হাজার নেতাকর্মী পায়ে হেঁটে সমবেত হয়েছি। দেশনায়ককে বরণ করে নিতে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে।”

উল্লেখ্য, নেতাকর্মীদের রাতযাপনের সুবিধার্থে ও খাবারের জন্য আগেভাগেই প্রয়োজনীয় সরঞ্জামাদি ট্রাকযোগে নির্দিষ্ট ভেন্যুতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তারেক রহমানের আগমনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হবে বলে মনে করছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।