নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আলিফা আক্তার রোজামনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, দড়ি সোনাকান্দা এলাকার ফয়সাল ওরফে বাদশা (২৯), ইসমাইল (৪০) ও ইমন (২৫)। এর আগে মঙ্গলবার পৃথক অভিযানে র্যাব-১১, পিবিআই ও বন্দর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত রোববার (২১ ডিসেম্বর) বিকেলে খেলাধুলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রোজামনি। পরদিন সোমবার ভোরে দড়ি সোনাকান্দা এলাকায় রাস্তার ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা পারভিন বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় হত্যা মামলা করেন।
বন্দর থানার ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এটি একটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। দ্রুতই এই নৃশংস ঘটনার মূল রহস্য ও নেপথ্যের কারণ গণমাধ্যমকে জানানো হবে।
মতামত