সারাদেশ

লাঙ্গলবন্ধে ট্রাক বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তি

প্রিন্ট
লাঙ্গলবন্ধে ট্রাক বিকল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে ভোগান্তি

প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৫, রাত ১১:৩৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধ ব্রিজে একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ায় দিনভর তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড় ১০টা থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের কাঁচপুর থেকে সোনারগাঁও অংশ স্থবির হয়ে পড়ে। এতে কয়েক ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও চালক।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ২৭ টন মালামাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লাঙ্গলবন্ধ ব্রিজের রেলিংয়ে সজোরে আঘাত করলে চলাচলের পথ রুদ্ধ হয়ে যায়। ট্রাকটি অতিরিক্ত ওজনের হওয়ায় সাধারণ রেকার দিয়ে তা সরানো সম্ভব হয়নি। পরে অন্য ট্রাকে মালামাল আনলোড করে বিকেলের দিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানো হলে যান চলাচল শুরু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ট্রাকটি সরানোর পর বিকেল থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় সৃষ্ট যানবাহনের চাপ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

এদিকে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুদের চরম ভোগান্তি পোহাতে হয়। পণ্যবাহী ট্রাক চালকরাও সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা জানিয়েছেন।