সারাদেশ

সিদ্ধিরগঞ্জে নকল স্ট্যাম্প তৈরির কারখানার সন্ধান, কয়েক কোটি টাকার মালামালসহ গ্রেপ্তার ২

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে নকল স্ট্যাম্প তৈরির কারখানার সন্ধান, কয়েক কোটি টাকার মালামালসহ গ্রেপ্তার ২

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৩৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়েছে থানা পুলিশ। অভিযানে কয়েক কোটি টাকা সমমূল্যের নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়েছে। এসময় কারখানার ভেতর থেকে দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন পঁচা সাবান কারখানা এলাকার এমদাদ হাজীর বাড়িতে অবস্থিত ওই অবৈধ কারখানায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানতে পারে, এমদাদ হাজীর দুই তলা বাড়ির নিচ তলায় মো. সাইফুল ইসলামের ছেলে মো. সবুজ মোতাহার একটি ছাপাখানার আড়ালে নকল স্ট্যাম্প তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। তথ্যের সত্যতা যাচাই করে পুলিশ সেখানে অভিযান চালায়। ৫০ ও ১০০ টাকা মূল্যমানের বিপুল পরিমাণ নকল নন-জুডিশিয়াল স্ট্যাম্প। ৫ টাকা থেকে ৫০০ টাকা মূল্যমানের রেভিনিউ স্ট্যাম্প তৈরির বিপুল পরিমাণ বিশেষ কাগজ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক হিসাবমতে, জব্দকৃত স্ট্যাম্পের বাজারমূল্য কয়েক কোটি টাকা।

ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন,  মিন্টু খান (৩৫) ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ইনতাজমোল্লা ডাঙ্গী গ্রামের মো. আলমাছ খানের ছেলে ও মো. মুন্না ইসলাম মিকাইল (২১) একই জেলার বোয়ালমারী থানার রূপশাত গ্রামের মো. কামাল মিয়ার ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চক্রটি দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে জাল স্ট্যাম্প তৈরি করে আসছিল। অভিযানের সময় কারখানা মালিক সবুজ মোতাহারকে পাওয়া না গেলেও দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।