সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ১ লাখ তালগাছ রোপণকারী খোরশেদ আলীকে জেলা প্রশাসকের সম্মাননা

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে ১ লাখ তালগাছ রোপণকারী খোরশেদ আলীকে জেলা প্রশাসকের সম্মাননা

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:৪৮

ঠাকুরগাঁওয়ে পরিবেশ রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী ৮০ বছর বয়সী তালগাছপ্রেমী পল্লী চিকিৎসক খোরশেদ আলীকে বিশেষ সম্মাননা প্রদান করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

সম্মাননা প্রদানকালে জেলা প্রশাসক বলেন, খোরশেদ আলী নিজ উদ্যোগে তালগাছের বীজ রোপণ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই গাছগুলো দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে। তাঁর লাগানো গাছগুলো আজীবন তাঁর স্মৃতি বহন করবে। এসময় চারাগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

ঠাকুরগাঁও সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা খোরশেদ আলী পেশায় একজন পল্লী চিকিৎসক। গত ১২ বছর ধরে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এবং এলাকাবাসীকে বজ্রপাত থেকে সুরক্ষা দিতে রাস্তার ধারে ধারে তালগাছ রোপণ করছেন। এ পর্যন্ত তিনি ১ লাখেরও বেশি তালগাছ লাগিয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁও পৌর প্রশাসক সরদার মোস্তফা শাহিন ও অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন উপস্থিত ছিলেন।