সারাদেশ

গজারিয়ায় পুলিশের গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত ২

প্রিন্ট
গজারিয়ায় পুলিশের গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত ২

প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৫, রাত ৯:৪৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের দুটি টহল গাড়িতে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় হাইওয়ে পুলিশের এক সার্জেন্টসহ দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, হাইওয়ে পুলিশের সার্জেন্ট আহসান হাবিব ও কনস্টেবল নয়ন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের পাশে হাইওয়ে ও থানা পুলিশের দুটি গাড়ি টহলরত অবস্থায় দাঁড়িয়ে ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান গাড়ি দুটিকে সজোরে ধাক্কা দিলে সেগুলো উল্টে দুমড়েমুচড়ে যায়। এতে গাড়িতে থাকা দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠায়।

ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি জব্দ এবং চালক-হেলপারকে আটক করা হয়েছে। সড়কের যানজট পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।