আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ সম্পর্কে ভোটারদের উদ্বুদ্ধ করতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সচেতনতামূলক উঠান বৈঠক ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে আদমজীর আইলপাড়া নূরে মদিনা মাদরাসা মাঠে এই আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাতের সঞ্চালনায় বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচন অফিসার মো. তাসিনুর রহমান এবং জেলা তথ্য অফিসার মো. কামরুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট বিল্লাল হোসেন রবিন।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটে সাধারণ মানুষকে উৎসবমুখর পরিবেশে নিরাপদ ও নির্ভয়ে ভোট প্রদানে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল লক্ষ্য। তারা উপস্থিত ভোটারদের শিক্ষিত, যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আদমজী জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান লিয়াকত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এনজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। বড় পর্দায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনার মাধ্যমে ভোটারদের মাঝে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।
মতামত