সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মাজার ও কবর ভাঙচুর: অস্থিতিশীলতার শঙ্কা

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে মাজার ও কবর ভাঙচুর: অস্থিতিশীলতার শঙ্কা

প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৫, রাত ৯:১৬

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে হযরত শাহ্ সত্যপীরের মাজার ও তিনটি কবর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে সংঘটিত এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা একে আসন্ন নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির সুপরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করছেন।

শনিবার ভোরে স্থানীয় মুসল্লিরা মাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে ভাঙচুরের বিষয়টি প্রত্যক্ষ করেন। তারা দেখেন, মাজারের গ্রিল ও পাশের তিনটি কবর ক্ষতিগ্রস্ত করা হয়েছে। খবর পেয়ে দ্রুত জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের দাবি, এই মাজারে কোনো গান-বাজনা বা অনৈতিক কাজ হয় না; এটি নিছক একটি ধর্মীয় আবেগের স্থান। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে এবং নির্বাচন বানচাল করতে রাতের অন্ধকারে কুচক্রী মহল এই কাপুরুষোচিত কাজ করেছে জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর একে ন্যক্কারজনক উল্লেখ করে ফ্যাসিস্ট সরকারের দোসরদের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেন।

অন্যদিকে, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু বলেন, উগ্রপন্থীরা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে ধারাবাহিক হামলা চালাচ্ছে। প্রশাসনের কঠোর পদক্ষেপ না থাকায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।