সারাদেশ

ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

প্রিন্ট
ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৫, রাত ৯:২৩

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি এই দায়িত্ব লাভ করেন।

দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে সারাদেশ থেকে আসা ছয় হাজারেরও বেশি সদস্য অংশগ্রহণ করেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নুরুল ইসলাম সাদ্দামকে বিজয়ী ঘোষণা করা হলে উপস্থিত নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।

নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এর আগে সংগঠনের সেক্রেটারি জেনারেল হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ছাত্র রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তাকে এই শীর্ষ পদে আসীন করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রশিবিরের এই নেতৃত্ব নির্বাচন বিশেষ গুরুত্ব বহন করে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সভাপতি সংগঠনকে আরও আধুনিক, সুসংহত ও কার্যকর ধারায় এগিয়ে নিতে সক্ষম হবেন।

সংগঠন সূত্রে জানানো হয়েছে, শিগগিরই পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।