সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ধরাছোঁয়ার বাইরে ক্যাডার লিটন: জনমনে তীব্র ক্ষোভ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ধরাছোঁয়ার বাইরে ক্যাডার লিটন: জনমনে তীব্র ক্ষোভ

প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০২৫, রাত ১১:০৬

নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চলমান থাকলেও রহস্যজনকভাবে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সিদ্ধিরগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন। নাসিক ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সাবেক শ্রমিক লীগ নেতা কবির-মিজান বাহিনীর প্রধান সহযোগী হিসেবে পরিচিত এই লিটন এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

 স্থানীয়দের অভিযোগ, ৫নং ওয়ার্ডের আওয়ামী দোসর কবির ও মিজানের অন্যতম ক্যাডার ও ম্যানেজার হিসেবে পরিচিত লিটন। তার মাধ্যমে সাধারণ মানুষের জমি দখল ও ঘরবাড়ি জবরদখলসহ নানা অপকর্ম পরিচালিত হতো। গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলায় লিটন সরাসরি অংশ নিলেও এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি।

আন্দোলনে গুলি ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় কবির ও মিজান আত্মগোপনে থাকলেও লিটন এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, লিটন গ্রেপ্তার না হওয়ায় তার মাধ্যমে সন্ত্রাসী বাহিনী আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। দ্রুত তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, হত্যা মামলার কোনো আসামিকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, তাকে গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। লিটনসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।