সারাদেশ

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে দেশবাসীকে তারেক রহমানের কৃতজ্ঞতা বার্তা

প্রিন্ট
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে দেশবাসীকে তারেক রহমানের কৃতজ্ঞতা বার্তা

প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৫, রাত ১২:১৮

দীর্ঘ ১৭ বছর পর মাতৃভূমির মাটিতে পা রেখে দেশবাসীর অভূতপূর্ব ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 তারেক রহমান তার পোস্টে গত বৃহস্পতিবারকে হৃদয়ে অবিস্মরণীয় দিন হিসেবে উল্লেখ করে বলেন, ঢাকার রাস্তাজুড়ে মানুষের ঢল আর লাখো মানুষের দোয়া আমি কোনোদিন ভুলতে পারব না। আপনাদের উষ্ণ অভ্যর্থনা আমাকে অভিভূত করেছে। তিনি প্রতিকূল সময়ে পাশে থাকা নেতাকর্মী, পেশাজীবী, কৃষক, শ্রমিক ও তরুণ প্রজন্মসহ সব শ্রেণি-পেশার মানুষকে ধন্যবাদ জানান।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, আমি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে শান্তি ও মর্যাদা থাকবে। প্রতিটি মানুষ নিজেকে নিরাপদ ও সম্মানিত মনে করবে এবং প্রতিটি শিশু আশার আলো নিয়ে বড় হবে। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ওপর জোর দেন।

ঐতিহাসিক এই মুহূর্তটি দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য তিনি গণমাধ্যমকে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

অন্যান্য রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্র ও বহুদলীয় সহাবস্থানের গুরুত্ব আমি বিনয় ও সম্মানের সাথে গ্রহণ করছি। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার যে আহ্বান জানানো হয়েছে, তাকে আমি বিশেষ গুরুত্ব দিচ্ছি।

সবশেষে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, বাংলাদেশ তখনই শক্তিশালী হবে যখন এদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবে। আল্লাহ বাংলাদেশের মঙ্গল করুন এই প্রার্থনার মাধ্যমে তিনি তার বার্তা শেষ করেন।