নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) উপজেলার নূরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৫৪ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ও ৯ আর্টিলারি ব্রিগেডের পরিচালনায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে আসা ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পেইনে সেবা প্রদান করেন। সকাল থেকেই স্থানীয় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দিনব্যাপী এই কর্মসূচিতে সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষকে মেডিসিন, চক্ষু ও চর্মরোগসহ বিভিন্ন বিষয়ে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
৯ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার উজ জামান ক্যাম্পেইনটি পরিদর্শন করেন। তিনি সেবার গুণগত মান পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রতি গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকাবাসীর মতে, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও দামী ওষুধ বিনামূল্যে হাতের কাছে পাওয়া তাদের জন্য অত্যন্ত সহায়ক
হয়েছে। মূলত নিয়মিত জনকল্যাণ মূলক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবেই সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করে আসছে।
মতামত