ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইনবোর্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন দুপুরে সাইনবোর্ড এলাকায় মহাসড়কে বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এ সময় তারা ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের ফলে মহাসড়কের সাইনবোর্ড, চিটাগাংরোড, কাঁচপুর ও সানারপাড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহনগুলো চলাচলে সহযোগিতা করেন।
বিক্ষোভ সমাবেশে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান বলেন, ওসমান হাদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ সময় পার হলেও মূল খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আর মেহেদী ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক অবরোধকারীদের সঙ্গে কথা বলে জনদুর্ভোগের বিষয়টি বুঝিয়ে বললে বিকেল সাড়ে ৪টায় তারা মহাসড়ক ছেড়ে দেন। এরপর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, শহীদ ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তারের দাবিতে শনিবার রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশের সকল বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধের ডাক দেওয়া হয়েছিল।
মতামত