সারাদেশ

বন্দরে জাপা নেতাকে গ্রেপ্তারের ৬ ঘণ্টা পর মুক্তি, এলাকায় তোলপাড়

প্রিন্ট
বন্দরে জাপা নেতাকে গ্রেপ্তারের ৬ ঘণ্টা পর মুক্তি, এলাকায় তোলপাড়

প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৪১

নারায়ণগঞ্জের বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃত জাতীয় পার্টি নেতা হাজী আলাউদ্দিন দেওয়ানজীকে (৫৬) মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। গত রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তারের পর ওই রাতেই রহস্যজনক কারণে তাকে মুক্তি দেয় পুলিশ। মুক্তি পাওয়া আলাউদ্দিন দেওয়ানজী বন্দর উপজেলার বালিয়াগাঁও এলাকার মৃত ফটিক চাঁনের ছেলে এবং কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

থানা সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই আব্দুল মোতালেব ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল বালিয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে রাত ১০টার পর তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, প্রভাবশালী মহলের তদবির এবং অনৈতিক লেনদেনের বিনিময়ে ওই নেতাকে দ্রুত মুক্তি দেওয়া হয়েছে। ওসমান পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন নেতাকে গ্রেপ্তারের পর এভাবে ছেড়ে দেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব ভূঁইয়া জানান, আলাউদ্দিন দেওয়ানজীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।