নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশা ছিনতাইকালে হাতে-নাতে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রোববার (২৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় বন্দরের মনারবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, রামনগর এলাকার মোখলেছুর রহমানের ছেলে শরীফ হোসেন (২৫) ও লক্ষণখোলা এলাকার মোশারফ হোসেন মোল্লার ছেলে অনিক (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী অটোচালক রমজান মিয়ার রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ওই দুইজনকে ধরে ফেলে। সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করেছে বন্দর থানা পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে মনারবাড়ী ও তালতলা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জননিরাপত্তা নিশ্চিতে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মতামত