সারাদেশ

আড়াইহাজারে কৃষি জমির মাটি কাটায় জরিমানা

প্রিন্ট
আড়াইহাজারে কৃষি জমির মাটি কাটায় জরিমানা

প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৫৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অনুমতি ছাড়াই কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে আল আমিন (২৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বালিয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, কৃষিজমি বিনষ্ট করে মাটি উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। এতে জমির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। অনুমতি ছাড়া মাটি কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্তকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় স্থানীয়দের কৃষিজমি রক্ষায় সতর্ক করার পাশাপাশি আইন মেনে চলার পরামর্শ দেওয়া হয়।