সারাদেশ

কারাগার থেকে মাগুরা-১ আসনে লড়ছেন সাবেক যুবলীগ নেতা কুটি

প্রিন্ট
কারাগার থেকে মাগুরা-১ আসনে লড়ছেন সাবেক যুবলীগ নেতা কুটি

প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৮:২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কারাবন্দি নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। তিনি শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মূহিদের কাছে কুটির পক্ষে তাঁর প্রতিনিধিরা মনোনয়নপত্র জমা দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে এলাকায় ফেরার পথে নিজনান্দুয়ালী হাজরার মোড় এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন মিয়ার ছেলে।

কুতুবুল্লাহ কুটির ছোট ভাই ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিয়ত উল্লাহ রাজন জানান, কোনো নির্দিষ্ট মামলা ছাড়াই তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবে এমন প্রত্যাশা থেকেই আমার বড় ভাই প্রার্থী হয়েছেন। বর্তমানে কারাগারে থাকায় অত্যন্ত গোপনীয়তার সাথে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে রাজন আরও দাবি করেন, তাঁর বড় ভাই এক সময় যুবলীগের নেতৃত্বে থাকলেও প্রায় দেড় যুগ ধরে আওয়ামী লীগের সাথে তাঁদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। বরং গত দীর্ঘ সময় ধরে তাঁরা রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হয়েছেন।