মাগুরার শ্রীপুর উপজেলার ছোট উদাস গ্রামে ছমির শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে। পেশায় সিএনজি চালক হলেও কারণে-অকারণে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা ও থানায় অভিযোগ দেওয়াই তার মূল কাজ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি স্থানীয়দের। এমনকি তার হয়রানি থেকে রেহাই পাননি নিজের জন্মদাতা বাবা ও আপন ভাইও।
একটি সুত্র জানায়, ছমির শেখ দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছেন। সম্প্রতি প্রতিবেশী আলাউদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ ও মামলার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ভুক্তভোগী আলাউদ্দিন জানান, ২০১০ সালে ছমির তাঁর কাছ থেকে ৮০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত চাওয়ায় ছমির উল্টো তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
এলাকাবাসীর দাবি, ছমির এ পর্যন্ত তাঁর বাবা আব্দুস সামাদ শেখ, বড় ভাই কেছমত শেখসহ গ্রামের অন্তত ১০ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন। তাঁর বড় ভাই কেছমত শেখ আক্ষেপ করে বলেন, সে আইনের অপব্যবহার করছে, আমরা তাঁর অত্যাচারে দিশেহারা।
তবে সব অভিযোগ অস্বীকার করে ছমির শেখ বলেন, আমি বাবার নামে কেন মামলা করব, ভাইয়ের সাথে জমির বিরোধ ছিল তা মিটমাট হয়ে গেছে। আমি কারো নামে মিথ্যা মামলা দেইনি।
ভুক্তভোগী গ্রামবাসী এই মামলাবাজ ছমিরের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মতামত