নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন আত্-তাক্বওয়া সমাজকল্যাণ পরিষদ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকায় হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মোশারেফ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এই শীতবস্ত্র কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
পৌষের হাড়কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন এলাকার নিম্ন আয়ের ও প্রান্তিক মানুষের কষ্ট লাঘবে এই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন মোশারেফ হোসেন। অনুষ্ঠানে স্থানীয় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের এই কঠিন সময়ে হাতে কম্বল পেয়ে অনেক অসহায় মানুষের মুখে প্রশান্তির হাসি দেখা যায়।
শীতবস্ত্র বিতরণকালে আত্-তাক্বওয়া সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মোশারেফ হোসেন বলেন, তীব্র শৈত্যপ্রবাহে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে দাঁড়িয়েছে। এই কঠিন পরিস্থিতিতে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। কোনো ব্যক্তিগত প্রচারের আকাক্সক্ষায় নয়, বরং ধর্মীয় ও মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। আমার এই সামান্য উদ্যোগে যদি একজন শীতার্ত মানুষের কষ্টও লাঘব হয়, তবেই আমি নিজেকে সার্থক মনে করব।
তিনি আরও যোগ করেন যে, আত্-তাক্বওয়া সমাজকল্যাণ পরিষদ কেবল শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ থাকবে না ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে আর্তমানবতার সেবায় এই সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডব্লিউ হাই স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান এবং কদমতলী প্রধান মসজিদের খতিব মুফতি মাওলানা মোঃ মাকসুদুর রাহমান।
তরুণ সংগঠক মাহমুদুল হাসান রাসেলের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা হাবিবুল্লাহ, মামুন খান এবং হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুলের সহকারী শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মতামত