সারাদেশ

রাষ্ট্রীয় শোক উপেক্ষা করে নারায়ণগঞ্জে ক্রিকেট খেলা: ক্রীড়া সংস্থার ভূমিকা নিয়ে বিতর্ক

প্রিন্ট
রাষ্ট্রীয় শোক উপেক্ষা করে নারায়ণগঞ্জে ক্রিকেট খেলা: ক্রীড়া সংস্থার ভূমিকা নিয়ে বিতর্ক

প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১০:৫০

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের প্রথম দিনে নারায়ণগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার ভূমিকা নিয়ে চরম ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। সারা দেশে যখন শোকের পরিবেশ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ, তখন জেলা ক্রিকেট মাঠে উৎসবমুখর পরিবেশে খেলা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বর সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শোক পালনের কথা থাকলেও জেলা ক্রীড়া সংস্থা তা যথাযথভাবে পালন করেনি বলে অভিযোগ স্থানীয়দের। এমনকি সংস্থার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারীকেও পাওয়া যায়নি।

ক্রীড়াপ্রেমীদের অভিযোগ, বর্তমান অ্যাডহক কমিটির অনেক সদস্যই বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী এবং বিতর্কিত ব্যক্তিদের ঘনিষ্ঠ। রাষ্ট্রীয় শোক দিবসে খেলাধুলা চালিয়ে যাওয়াকে প্রশাসনের নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হিসেবে দেখছেন সচেতন মহল। তাদের দাবি, ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন কৌশলে সংগঠনে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক। ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের কমিটিতে না রাখার সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কীভাবে এমন কমিটি গঠিত হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ক্রীড়া সংগঠকরা। সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।