সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট: ভোগান্তি চরমে

প্রিন্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট: ভোগান্তি চরমে

প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১১:১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় বুধবার দিনভর ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। ট্রাক বিকল হওয়া এবং যানবাহনের অতিরিক্ত চাপের কারণে সৃষ্ট এই যানজটে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিক।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) রাত ২টার দিকে মহাসড়কের মদনপুর ও নাঙ্গলবন্দ এলাকায় পৃথক দুটি স্থানে দুটি পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। গুরুত্বপূর্ণ লেনে ট্রাকগুলো আটকে থাকায় চট্টগ্রামমুখী লেনে যান চলাচল স্থবির হয়ে পড়ে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে যানজট সাইনবোর্ড থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত বিস্তৃত হয়।

ভোর থেকে বিকেল পর্যন্ত যাত্রীদের কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লেগেছে। অনেক কর্মজীবী মানুষ সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেননি। আটকা পড়ে জরুরি সেবার গাড়ি ও অ্যাম্বুলেন্সও। বাসযাত্রী বেলায়েত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ৩ ঘণ্টা ধরে একই জায়গায় বসে আছি। এই মহাসড়কে যানজট এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

পুলিশ জানায়, ট্রাক বিকল হওয়ার পাশাপাশি একটি শিল্প গ্রুপের (মেঘনা গ্রুপ) বাৎসরিক অফারের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অতিরিক্ত পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি এই রুটে প্রবেশ করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, বিকল হওয়া ট্রাকগুলো দুপুর নাগাদ উদ্ধার করা হয়। বিকেল ৪টার পর থেকে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে অতিরিক্ত গাড়ির চাপের কারণে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে সন্ধ্যা পর্যন্ত সময় লেগেছে।