ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোঁচাবাড়ি এলাকায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হানিফ পরিবহনের চালক মো. শামসুল হককে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা হলেন, লরিচালক বিশ্বাস রায় (৪৫), যাত্রী তারেক আলী (২৬), তৌয়বুর রহমান (৬০), আইজার রহমান (৪০), রিপন ইসলাম (৪২) ও শাহা আলম (৪৫)। তারা সবাই ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে প্রচণ্ড কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় ঢাকা থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একই কোম্পানির একটি তেলবাহী লরির মধ্যে এই সংঘর্ষ ঘটে। এতে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে এক চালকের অবস্থা আশঙ্কাজনক।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মতামত