সারাদেশ

লালমোহনে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রিন্ট
লালমোহনে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত : ১ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:১৪

ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে গজারিয়া ৭নং পশ্চিম চর উমেদ ইউনিয়ন ও মোতাহার নগর ইউনিয়ন বিএনপি এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর উল্যাহ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন মা-মাটি ও গণমানুষের প্রিয় নেতা। তিনি আজীবন অন্যায়ের কাছে মাথানত করেননি। দেশের গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। বক্তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে উপস্থিত নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।