ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে কাঁচপুর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্পষ্ট করেন যে, কেন্দ্রীয় নির্দেশনা না আসা পর্যন্ত নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই হাতপাখার প্রার্থীরা নির্বাচনী মাঠে সক্রিয় থাকবেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন নগর সেক্রেটারি ও যুগ্ম আহ্বায়ক মুহা. সুলতান মাহমুদ। তিনি বলেন, নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি বা মাঠ থেকে সরে যাননি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমাদের নির্বাচনী কার্যক্রম পুরোদমে চলবে।
সভাপতির বক্তব্যে মাওলানা দ্বীন ইসলাম বলেন, পীর সাহেব চরমোনাইর প্রচেষ্টায় ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঐক্য বজায় থাকলে আগামীতে বিজয় নিশ্চিত। তবে যারা হীন স্বার্থে এই ঐক্য বিনষ্ট করার চেষ্টা করবে, জাতি তাদের ক্ষমা করবে না।
সমন্বয়কারী হাজী নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা ছানাউল্লাহ নূরী, সুলতান মাহমুদ, ফারুক আহমাদ মুন্সী ও মাওলানা আবুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতামত