সারাদেশ

সুষ্ঠু পরিবেশ থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী এটিএম আজহার

প্রিন্ট
সুষ্ঠু পরিবেশ থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী এটিএম আজহার

প্রকাশিত : ১ জানুয়ারি ২০২৬, রাত ৯:৪৫

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, দেশে এখনো নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত হয়নি। তবে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় থাকলে এবং ভোটাররা কেন্দ্রে আসতে পারলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ও জোট প্রসঙ্গে: এ টি এম আজহার বলেন, আমি দীর্ঘ সময় কারাবন্দি ছিলাম, আমি মজলুম। বিপ্লব-পরবর্তী মুক্ত দেশে দল আমাকে মনোনীত করেছে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছি। ১০ দলীয় জোটের আসন বণ্টন নিয়ে তিনি জানান, জোটের মধ্যে ঐক্য অটুট রয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ের আগেই শরিকদের মধ্যে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্তভাবে পরিষ্কার হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এই জামায়াত নেতা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নির্বাচন কমিশন ও সরকারকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে, অন্যথায় এই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান জানান, যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রংপুর-১ ও রংপুর-২ আসনের ১৪ প্রার্থীর মধ্যে ১৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের তথ্য অসম্পূর্ণ থাকায় রংপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে, রংপুর-২ আসনে দাখিলকৃত ৫টি মনোনয়নপত্রের সবকটিই বৈধ বলে গৃহীত হয়েছে।