সারাদেশ

লালমোহনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩০: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রিন্ট
লালমোহনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৩০: পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, দুপুর ১:৫২

ভোলার লালমোহনে বিএনপি এবং জামায়াত সমর্থিত (পিডিএফ) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই পৃথক সংবাদ সম্মেলন করে একে অপরকে দায়ী করেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিডিএফ-এর সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম অভিযোগ করেন, শুক্রবার সকালে রমাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডে জামায়াতের নারী কর্মীরা সাংগঠনিক কাজে গেলে স্থানীয় রুবেল নামের এক যুবক তাদের হেনস্তা ও গালিগালাজ করেন। এ নিয়ে প্রতিবাদ জানালে উত্তেজনার সৃষ্টি হয়।

তিনি আরও দাবি করেন, সন্ধ্যার পর রায়চাঁদ বাজারে উপজেলা বিএনপির সভাপতি জাফর উল্যাহ ও ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওরদারের উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা চড়াও হয়। একপর্যায়ে জামায়াত কর্মীরা বাজার ত্যাগ করার সময় পেছন থেকে অতর্কিত হামলায় তাদের ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল। তিনি অভিযোগ করেন, পিডিএফ প্রার্থী নিজামুল হক নাঈম জামায়াতের আড়ালে মহিলা লীগের চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে লালমোহনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন।

বিএনপি নেতার দাবি, জামায়াত ও বহিরাগত আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এতে বিএনপির ১৫ জন কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।