সারাদেশ

যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব বাছাইয়ের দায়িত্ব জনগণের: গণযোগাযোগ মহাপরিচালক

প্রিন্ট
যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব বাছাইয়ের দায়িত্ব জনগণের: গণযোগাযোগ মহাপরিচালক

প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, দুপুর ২:০৪

রংপুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সঠিক নেতৃত্ব বাছাইয়ের মূল দায়িত্ব জনগণের বলে মন্তব্য করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। তিনি বলেন, যোগ্য, মানবিক এবং ঘুষ দুর্নীতিমুক্ত ব্যক্তিকে নির্বাচিত করলেই জনগণের হাতে রাষ্ট্র পরিচালনার প্রকৃত চাবি আসবে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করণী ইউনিয়নের কেশবপুর গ্রামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে আয়োজিত এক ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা তথ্য অফিস এই কর্মসূচির আয়োজন করে।

মহাপরিচালক তাঁর বক্তব্যে বৈষম্যহীন রাষ্ট্র গঠন, সংসদীয় সংস্কার এবং নারী আসন বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সক্ষম ব্যক্তিদের নির্বাচিত করাই হবে শহীদদের প্রতি প্রকৃত সম্মান।

ভোটার উপস্থিতি বাড়াতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, সারাদেশে ভোটের গাড়ি ও উঠান বৈঠক চলছে। আগামী ২০ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ভোটের রিকশার মাধ্যমে বিশেষ প্রচারণা চালানো হবে।

রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মহাপরিচালক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ গেটে তরুণ ভোটারদের সাথে এক ভোটালাপে অংশ নেন।