জয়পুরহাটে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন। শনিবার (১০ জানুয়ারি) সকালে শহরের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণ ও চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিবির অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কর্মসূচিতে এলাকার ৩৫০ জন অসহায় মানুষের মাঝে কম্বল ও শিশুদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বিজিবির মেডিকেল টিমের মাধ্যমে অসুস্থদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। সীমান্তবর্তী মানুষের সাথে সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত