সারাদেশ

আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪

প্রিন্ট
আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, রাত ১১:৪১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুটি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, মাদক এবং বিপুল পরিমাণ নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দি ভিটি কামালদী এলাকায় এ অভিযান চালানো হয়।

রোববার দুপুরে আড়াইহাজার থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন যৌথ বাহিনীর কর্মকর্তারা। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—কুখ্যাত মাদক কারবারি নাঈম (৩৮), তার স্ত্রী রুনা আক্তার (৩৪), রুবেল ভূঁইয়া (৩৩) ও সুমন (৩০)।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও আর্মি ক্যাম্প ও আড়াইহাজার থানা পুলিশ যৌথভাবে নাঈমের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে দুটি অবৈধ পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১০৫ পিস ইয়াবা, ১৩টি দেশীয় অস্ত্র, দা, ছুরি, চাকু এবং মাদক বিক্রির নগদ ১৬ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।