সারাদেশ

ফতুল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

প্রিন্ট
ফতুল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

প্রকাশিত : ১৭ মে ২০২৬, বিকাল ৪:১৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝটিকা মিছিল বের করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১৬ মে) দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন, সানি (২০) ও সিয়াম (২১)। তাঁরা জেলার বন্দর এলাকার বাসিন্দা এবং বন্দর থানা যুবলীগের সাবেক সভাপতি খান মাসুদের সহযোগী হিসেবে পরিচিত বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে কাশিপুর হাটখোলা এলাকায় হঠাৎ করে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডলের নেতৃত্বে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে সানি ও সিয়ামকে আটক করেন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডল জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই মিছিল থেকে আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মিছিল করার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিয়ে ওই দুজনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের থানায় নিয়ে আসে।

আটককৃতদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তা বন্দর থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।