সারাদেশ

ঈশ্বরদীতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার

প্রিন্ট
ঈশ্বরদীতে ছাত্রদল নেতার রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, বিকাল ৩:২৭

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ফসিউল আলম অনিক (২২) নামে এক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অনিক ওই গ্রামের মহিদুল ইসলাম রানার ছেলে। তিনি ঢাকার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা মহানগর খিলগাঁও থানা ছাত্রদলের ওয়ার্ড সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পড়াশোনার সুবাদে ঢাকায় থাকলেও সম্প্রতি অনিক নিজ গ্রামে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন। রোববার রাত থেকে তার সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। সোমবার সকালে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাশ উদ্ধারের সময় অনিকের একটি পা খাটে এবং অন্যটি মেঝেতে স্পর্শ করা ছিল। মরদেহের এমন অস্বাভাবিক অবস্থান এবং কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ঘটনাটি নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।