সারাদেশ

রংধনুর মতো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়বে বিএনপি: জয়ন্ত কুণ্ডু

প্রিন্ট
রংধনুর মতো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়বে বিএনপি: জয়ন্ত কুণ্ডু

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:৩১

শ্রীপুরে এক বিশাল নির্বাচনী জনসভায় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু বলেছেন, আকাশে রংধনুর সাতটি রঙ যেমন পাশাপাশি মিশে থাকে, বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষ জাতি-ধর্ম নির্বিশেষে তেমনি ভ্রাতৃত্বের সাথে বসবাস করবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর মিনি স্টেডিয়ামে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জয়ন্ত কুণ্ডু আরও বলেন, একটি বিশেষ গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু সচেতন দেশবাসী তাদের সেই অপচেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে জয়ী করার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, ফারুকুজ্জামান ফারুক এবং কেন্দ্রীয় যুবদল নেতা আলমগীর হাসান সোহানসহ স্থানীয় নেতৃবৃন্দ। দুপুর থেকেই উপজেলার ৮টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল ও স্লোগানে মুখরিত করে জনসভাস্থলে সমবেত হন। নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ও এর আশপাশের সড়কগুলো জনসমুদ্রে পরিণত হয়।