সারাদেশ

ঠাকুরগাঁও পৌরসভায় চালু হলো অনলাইন সফটওয়্যার আমাদের পৌরসভা

প্রিন্ট
ঠাকুরগাঁও পৌরসভায় চালু হলো অনলাইন সফটওয়্যার আমাদের পৌরসভা

প্রকাশিত : ৯ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫৬

নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করতে ঠাকুরগাঁও পৌরসভায় আমাদের পৌরসভা নামক অনলাইন সফটওয়্যারের উদ্বোধন করা হয়েছে। এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নাগরিকরা ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও বিভিন্ন সনদপত্রের জন্য আবেদন ও সংগ্রহ করতে পারবেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভা সম্মেলন কক্ষে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল সেবা প্রসারের ফলে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি দুই-ই কমবে। ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক প্রশাসক সরকার মোস্তফা শাহীন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন বিশ্বাসসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সফটওয়্যার উদ্বোধনের আগে জেলা প্রশাসক পৌরসভার প্রবেশমুখে স্থাপিত সেবা কানন (তথ্য ও সেবা কেন্দ্র) এবং টিকাদান কেন্দ্র ও মাতৃদুগ্ধ কর্নার উদ্বোধন করেন। পরে তিনি পৌর চত্বরে ফলজ গাছের চারা রোপণ করেন। পৌর কর্তৃপক্ষ জানায়, নাগরিকরা গুগলে আমাদের পৌরসভা লিখে সার্চ করে সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। আবেদন অনুমোদন হওয়ার পর সনদগুলো অনলাইন থেকেই ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। যারা অনলাইনে পারদর্শী নন, তারা সরাসরি সেবা কানন কেন্দ্রে এসে সেবা নিতে পারবেন।