সারাদেশ

ফতুল্লায় নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন: এক লক্ষ টাকা জরিমানা

প্রিন্ট
ফতুল্লায় নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন: এক লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৩৫



ফতুল্লায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদনের অভিযোগে অনুমোদনহীন একটি অবৈধ বেকারী কারখানাকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

থানা পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর সহায়তায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর এলাকায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কতৃপক্ষ।  অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। 

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানান, ভ্রাম্যমান আদালতের অভিযানে মুসলিমনগর এলাকায় আল সামি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামে একটি বেকারী কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই, নুডলস, ঘি সহ বিভিন্ন প্রকার খাদ্য উৎপাদন এবং মোড়ক জাতকরণ করতে দেখা যায়। 

পণ্য প্যাকেটজাত করণ ও উৎপাদনস্থলে খাদ্য কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার না করারও প্রমান পাওয়া যায়।এছাড়া কারখানাটির নামে বিএসটিআই এর কোন লাইসেন্স বা অনুমোদনও নেই। সম্পূর্ণ অবৈধ এই কারখানাটি দীর্ঘদিন যাবত গোপনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে এসব খাদ্য উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। 

সদর উপজেলা নির্বাহী অফিসার আরও জানান, এ সব অপরাধের দোষ স্বীকার করায় অনিবন্ধিত অবস্থায় খাদ্যপণ্য উৎপাদনের দায়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা অনুসারে কারখানা মালিককে এক লক্ষ  টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। 

মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

অভিযানে নারায়ণগঞ্জ নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, নিরাপদ খাদ্য সদর পরিদর্শক শাহজাহান হালদার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।