নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের বেপরোয়া প্রতিযোগিতায় গোলাপ মিয়া (৩৮) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। নিহত গোলাপ মিয়া বন্দর উপজেলার কেওঢালা এলাকার নূর নবী মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটে গত সোমবার (৩ আগস্ট) সকাল ৬টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ চট্টগ্রামগামী লেনে ৯০৯ ব্রিকস ফিল্ডের সামনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালের দিকে ইটভাঙার মেশিনসহ একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে কাজে যাচ্ছিলেন কয়েকজন দিনমজুর। পথিমধ্যে চট্টগ্রামগামী একটি বেপরোয়া কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-৬৮০৬) পেছন থেকে ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে শ্রমিকরা সড়কে ছিটকে পড়েন। একই সময় পেছনে অন্যটির সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত থাকা দ্বিতীয় আরেকটি কাভার্ডভ্যানও (ঢাকা মেট্রো-ট-২০-৪৩০৬) নিয়ন্ত্রণে হারিয়ে আহত দিনমজুরদের চাপা দেয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মদনপুর আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোলাপ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে নয়ন (২৮), ইয়াছিন (২২), সবুজ (২৮) ও দুলালসহ (৪৫) আরও ৩ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান দুটি ও ইঞ্জিনচালিত ভ্যানটি জব্দ করে। এ ঘটনায় নিহতের বাবা নূর নবী মিয়া বাদী হয়ে অজ্ঞাত কাভার্ডভ্যান চালকদের আসামি করে বন্দর থানায় মামলা (নং- ৫(৮)২৬) দায়ের করেছেন।
মতামত