সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার শাড়ি ও মাদক জব্দ

প্রিন্ট
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার শাড়ি ও মাদক জব্দ

প্রকাশিত : ৪ আগস্ট ২০২৬, রাত ১০:০২

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১৪ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই শাড়ি ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৩২ পিস ভারতীয় উন্নতমানের স্বর্ণ কাতান শাড়ি, ২১ দশমিক ৫ কেজি গাঁজা এবং ১১৭ বোতল ইস্কাপ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৪২ হাজার ৫০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করার ফলেই এ চালান আটক করা সম্ভব হয়েছে।

চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে বিজিবি আরও নিশ্চিত করে যে, সীমান্ত দিয়ে মাদক ও পণ্য পাচার রোধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।