সর্বশেষ জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের মতো হেভিওয়েট আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন জয়লাভ করেন। এরপর জেলা ও মহানগরের নতুন কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কাঠামোর আমূল পরিবর্তন আনে দলটি। সংসদ নির্বাচনের এই সাফল্যকে পুঁজি করে এবার ইউনিয়ন পরিষদ, উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচনে চমক দেখাতে চায় তারা।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান ইব্রাহিম আদহাম খান বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় আমরা স্থানীয় নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। জেলা ও মহানগরের দায়িত্বশীলরা একাধিক বৈঠক করেছেন। অনেক স্থানেই একাধিক যোগ্য প্রার্থী প্রস্তুত আছেন। শেষ মুহূর্তে দল যাকে মনোনয়ন দেবে, সবাই তার পক্ষেই কাজ করবে।
একক না জোটবদ্ধ নির্বাচন এ বিষয়ে তিনি জানান, সিদ্ধান্তটি কেন্দ্রীয় হাইকম্যান্ডের ওপর নির্ভর করছে এবং যথাসময়ে তা স্পষ্ট করা হবে।
নির্বাচনের কৌশলের বিষয়ে ইব্রাহিম আদহাম খান বলেন, স্থানীয় নির্বাচন বেশ জটিল এবং এখানে ব্যক্তিগত ইমেজ ও সামাজিক পরিচিতি বড় ভূমিকা রাখে। সংসদ নির্বাচনে মানুষ লোকদেখানো প্রচারণার চেয়ে আমাদের পদযাত্রা ও মাঠপর্যায়ের যোগাযোগকে গ্রহণ করেছে। সুষ্ঠু ভোট হলে ভোটাররা এনসিপিকে নিরাশ করবেন না।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপি বর্তমানে চেয়ারম্যান, মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ গুছিয়ে আনছে। তরুণ এই রাজনৈতিক দলটি স্থানীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে, তা এখন দেখার বিষয়।
মতামত