সারাদেশ

রংপুরের সাবেক মেয়র মোস্তফাসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রিন্ট
রংপুরের সাবেক মেয়র মোস্তফাসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:১৭


রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টি নেতা মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ৮ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের উপপরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে মামলাটি রুজু করেন। মামলায় সাবেক মেয়রকে প্রধান আসামি করা হয়েছে। দায়িত্ব পালনকালে বিধিবহির্ভূতভাবে প্রকল্প পরিচালনা ও আর্থিক লেনদেন। ব্যাংক হিসাব ও আর্থিক ব্যবস্থাপনায় নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে ব্যক্তিগত ও গোষ্ঠীগত সুবিধা প্রদান। পরস্পর যোগসাজশে জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে সরকারি অর্থের বড় ধরনের ক্ষতিসাধন।

মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে। এজাহারে সিটির সাবেক মেয়র ছাড়াও সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে আসামি করা হয়েছে।

দুদক সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে দুর্নীতির সত্যতা পাওয়ায় মামলাটি করা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে দ্রুত চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।