সারাদেশ

বন্দরে ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন

প্রিন্ট
বন্দরে ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন

প্রকাশিত : ১৫ মে ২০২৬, রাত ১০:৪০

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা বাসস্ট্যান্ডে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়কের কেওঢালা পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে এলাকাবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্যের পুত্র আবুল কাউসার আশা। তিনি বলেন, কেওঢালা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল পয়েন্ট। এখানে ফুটওভার ব্রিজ না থাকায় রাস্তা পার হতে গিয়ে অনেক পথচারী অকালে প্রাণ হারিয়েছেন। আমি সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাব, তারা যেন দ্রুত এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করে সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ করেন।

বক্তারা জানান, এই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হিন্দুদের পবিত্র তীর্থস্থান লাঙ্গলবন্দ স্নানঘাট ও বারদী লোকনাথ আশ্রম অবস্থিত। এ ছাড়া আশেপাশে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাটবাজার থাকায় প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হন। দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজের দাবি জানিয়ে আসলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল মতিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মুফতি আল-আমিন, হারুন অর-রশিদ, মো. সানাউল্লাহ মিয়াসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।