সারাদেশ

মন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

প্রিন্ট
মন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:০১


ঠাকুরগাঁও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত দুই দিনের সরকারি সফরে তিনি ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী তার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন। জুমার নামাজ শেষে হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন করবেন। সন্ধ্যায় ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন।

বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর রামকৃষ্ণ আশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সাক্ষাৎ এবং দুপুর ২টায় জেলা বাস টার্মিনাল উদ্বোধন করবেন। সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নেতাকর্মীরা জানান, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি তিনি মন্ত্রী হিসেবে শপথ নেন। তার এই সফরকে ঘিরে জেলার উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা। আগামী ১ মার্চ সকালে তার ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।