সারাদেশ

সিরাজদিখানে মধ্যরাতে প্রশাসনের অভিযান: ৪ ভেকু বিকল গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

প্রিন্ট
সিরাজদিখানে মধ্যরাতে প্রশাসনের অভিযান: ৪ ভেকু বিকল গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৮:৫২


মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) রক্ষায় মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত ৪টি ভেকু (এক্সকাভেটর) জব্দ করে তাৎক্ষণিকভাবে বিকল করে দেওয়া হয়। এ সময় অবৈধ মাটি ব্যবসায়ীদের নির্মিত অস্থায়ী ছাউনিগুলো আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ফসলি জমির উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল। এতে আবাদি জমি নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল। প্রশাসনের চোখ ফাঁকি দিতেই তারা রাতের সময়কে বেছে নিয়েছিল।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী এবং সার্কেল এএসপি মো. আনোয়ার পারভেজ।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী বলেন, কৃষিজমির টপ সয়েল কাটা সম্পূর্ণ অবৈধ। এতে জমির উৎপাদনশীলতা মারাত্মকভাবে কমে যায়, যার প্রভাব পড়ে দেশের কৃষি উৎপাদনে। অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন অমান্য করে কৃষিজমি নষ্ট করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।