সারাদেশ

মাদক কারবারিরা বিএনপি নয় অপরাধীর দলীয় পরিচয় নেই: সংস্কৃতিমন্ত্রী

প্রিন্ট
মাদক কারবারিরা বিএনপি নয় অপরাধীর দলীয় পরিচয় নেই: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:০৮


সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় (মাগুরা-২) এসে কড়া বার্তা দিয়েছেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, মাদক ব্যবসা বা চাঁদাবাজির সঙ্গে জড়িতরা বিএনপির কেউ নয় এবং অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকবে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর ও মাগুরা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকা থেকে সড়কপথে আসার সময় ফরিদপুরের কামারখালী গড়াই সেতু এলাকায় হাজারো নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

অপরাধ দমনে আপসহীন মন্ত্রী বলেন, অনেকে চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়, আবার অনেকে মাদক ব্যবসা করছে তারা বিএনপি না। অপরাধী যে-ই হোক, সে দলীয় লোক হোক বা সরকারি কর্মচারী, আইন তার নিজস্ব গতিতে চলবে।

গত ১৬ বছরের কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিনাকারণে নেতাকর্মীদের অস্ত্র মামলায় ফাঁসানোসহ নানা অপকর্ম হয়েছে। তবে বর্তমান সরকার কোনো নির্দিষ্ট দলকে টার্গেট করে নয়, বরং ঢালাওভাবে সব অপরাধের বিচার করবে।

জুলাই-আগস্টের অভ্যুত্থানকে গভীর প্রেক্ষাপটের ফসল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৮ বছর ধরে মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র উদ্ধারের জন্য লড়াই করে আসছে।

মাগুরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব পাওয়ার পর নিজ এলাকায় মন্ত্রীর এই প্রথম সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।