সারাদেশ

সাঁথিয়ায় অবৈধ মাটি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

প্রিন্ট
সাঁথিয়ায় অবৈধ মাটি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:২০


পাবনার সাঁথিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া বোয়াইলমারী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রায়হান জানান, অবৈধ মাটি উত্তোলন পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি কৃষিজমির স্থায়ী ক্ষতি করছে। জনস্বার্থে এবং কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।