আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। এর আগে ওই দিনই পাঁচটি পৃথক মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন সাবেক এই মেয়র।
২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বহুতল ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ভবনে কর্মরত ডাচ-বাংলা ব্যাংকের তিন কর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। নিহতদের একজন কুষ্টিয়ার সেলিম মণ্ডল (২৯)। এই ঘটনায় তার বাবা ওয়াজেদ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে নাম না থাকলেও তদন্তে সম্পৃক্ততা পাওয়ার অভিযোগে পুলিশ আইভীকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে।
আইনজীবী আওলাদ হোসেন আরও জানান, সাবেক মেয়র আইভী ইতিপূর্বে বেশ কিছু মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। রাষ্ট্রপক্ষ সেই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে, যা বর্তমানে শুনানির অপেক্ষায়। এরই মধ্যে নতুন করে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া শুরু হলো।
মতামত