সারাদেশ

রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে সংবাদ সম্মেলন

প্রিন্ট
রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ২ মার্চ ২০২৬, বিকাল ৪:২৮


রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানগুলোতে স্থানীয় শিক্ষিত যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি ও ব্যবসায়িক সুযোগ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) বিকেলে উপজেলার ভুলতা এলাকার একটি রেস্টুরেন্টে রূপগঞ্জ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন (আরজিএ) এই সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রূপগঞ্জ দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এখানকার উচ্চশিক্ষিত তরুণরা চরম বেকারত্বের শিকার। স্থানীয় কলকারখানাগুলোতে বাইরের জেলা থেকে লোক নিয়োগ দেওয়া হলেও যোগ্যতাসম্পন্ন স্থানীয় প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন।

অ্যাসোসিয়েশনের প্রধান দাবিগুলো হলো, শিল্প-প্রতিষ্ঠানে পদভেদে স্থানীয় গ্র্যাজুয়েটদের নিয়োগ নিশ্চিত করা।

কাঁচামাল সরবরাহ, ট্রান্সপোর্ট ও সাব-কন্ট্রাক্ট ব্যবসায় স্থানীয় শিক্ষিত উদ্যোক্তাদের সুযোগ দেওয়া।

শিক্ষিত বেকারদের তালিকা তৈরি করে শিল্প মালিকদের সাথে সমন্বয় করা।

সংগঠনের সভাপতি ইউসুফ চৌধুরী ও নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ভিটেমাটির ওপর গড়ে ওঠা কারখানায় যদি স্থানীয়দের কর্মসংস্থান না হয়, তবে সেই উন্নয়ন অর্থহীন। দাবি আদায়ে আগামীতে সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিল্প মালিক সমিতির কাছে স্মারকলিপি প্রদানসহ শান্তিপূর্ণ মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কাজী অমিত হাসান, আবু কাওছার মিঠু, হৃদয় হাসান, ব্যারিস্টার মিলন প্রান্ত, তারিকুল ইসলাম, গুলজার হোসেন, এম কে মাসুম প্রমুখ। অনুষ্ঠান শেষে ইফতার মাহফিলের মাধ্যমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় করা হয়।